বিশ্বকাপে পাকিস্তানের এই একটা দুঃখ আজও দূর হয়নি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের অন্যতম সফল দল পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের সবগুলো আসরে অংশগ্রহণের পাশাপাশি একবারের শিরোপাজয়ী এবং একবার রানার্সআপও হয়েছে পাক বাহিনী। তবুও
বিশ্বকাপে একটা আফসোস তীব্রভাবে পোড়ায় পাকিস্তান ক্রিকেট দলকে। এবার ইতিহাস পাল্টানোর দায়িত্ব পড়েছে সরফরাজ আহমেদের কাঁধে। ইতিহাসটা হলো বিশ্বকাপ ক্রিকেটের সবগুলো আসরে ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। ভারতকে হারাতে পারেনি কখনো। এবার এই ইতিহাসটা পাল্টে দিতে পারবে পাকিস্তান?
ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। মাঠের লড়াই ছাপিয়ে এটি দুই দেশের মর্যাদার বিষয়। সে কারণে এ ম্যাচে খেলার চেয়ে খেলার বাইরের ব্যাপার-স্যাপারগুলোই বেশি মাথাচাড়া দেয়। কিন্তু অনেক বছর ধরেই ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই বড্ড একপেশে। বিশ্বকাপে তো এটি পুরোপুরিই ভারতের। ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত বিশ্বকাপে ছয়টি ম্যাচের একটিতেও জেতেনি পাকিস্তান। তবে এবারের বিশ্বকাপে এ ইতিহাসটা পাল্টাবে বলেই মনে করেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।